পঞ্চম দিনে পৌঁছেছে মরক্কোতে জেন-জিদের সরকারবিরোধী বিক্ষোভ। বিক্ষোভে এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশটি। বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করেছেন।
বুধবার (১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্ক্ষলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন দুই বিক্ষোভকারী। তারা দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে। খবর রয়টার্সের।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট।
এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং কয়েকজন আহত হন।
বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছুরি ছিল। পুলিশের গুলি ও টিয়ারশেলের মুখে তা ব্যবহারের সুযোগ পাননি তারা। তবে তারা থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেছেন।






