কামিলা মিশারাকে জীবন দেওয়ার আগে পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু শেখ মেহেদি হাসান এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের ক্যাচ ছাড়ার পর সব এলোমেলো হয়ে গেল।
বাংলাদেশকে ৩২ বল হাতে রেখে হারিয়ে রান রেটও বাড়িয়ে রাখল শ্রীলঙ্কা। স্বল্প পুঁজি নিয়ে বোলাররা রান বিলিয়ে গেলেন বানের জলের মতো। তাতে গুরুত্বপূর্ণ লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হারল লিটন দাসের দল।
বাংলাদেশের ১৩৯ রান ৩২ বল বাকি থাকতে পেরিয়ে গেল চারিথ আসালাঙ্কার দল।
তিনটি দলের পয়েন্ট সমান- ২। ১ ম্যাচ খেলা আফগানিস্তান ৪.৭০০ নেট রান দিয়ে চূড়ায়। সমান ম্যাচে ২.৫৯৫ রান রেট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা। ২ ম্যাচ খেলা বাংলাদেশ -০.৬৫০ রান রেট নিয়ে তৃতীয়।
এই পরিস্থিতি থেকে শেষ চার নিশ্চিত করা লিটনদের জন্য অনেক দূরের পথ।
সোমবার হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচটি নকআউট হয়ে যাবে বাংলাদেশের জন্য।
হারলেই সুপার ফোরের আগেই দেশে ফিরতে হবে বাংলাদেশকে। আর জিতলেও অবশ্য শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।
১ রানে জীবন পাওয়া মিশারা অপরাজিত থাকেন ৪৬ রানে। তার ৩২ বলের ইনিংস গড়া দুই ছক্কা ও চারটি চারে। এক ছক্কায় ৪ বলে ১০ রান করেন অধিনায়ক আসালাঙ্কা।








