১২২ রান তাড়া করতে নেমে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে খুলনা টাইগার্সকে। শেষ পর্যন্ত অবশ্য ৪ উইকেট আর ১০ বল হাতে রেখে জয় নিয়েই মাঠ ছেড়েছে এনামুল হক বিজয়ের দল।
রান তাড়ায় নেমে ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে খুলনা। এভিন লুইস (৬ বলে ১২), এনামুল হক বিজয় (৮ বলে ৯), শাই হোপের (১১ বলে ৯) তারকারা সুবিধা করতে পারেননি।
তবে লো স্কোরিং উইকেট বুঝে ধীরগতিতে দলকে এগিয়ে নেন আফিফ হোসেন আর মাহমুদুল হাসান জয়। আফিফ ২৮ বলে ২৬ করে আউট হন। ৮৪ রানে ৫ উইকেট হারায় খুলনা। তবে জয় দেখেশুনে খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন। ৪৪ বলে একটি করে চার-ছক্কায় ৩৯ করেন এই ব্যাটার।
শেষদিকে ফাহিম আশরাফের ৮ বলে ১৫ রানের ইনিংসে ম্যাচে উত্তেজনা সেভাবে ছড়ায়নি। ১৮.২ ওভারে রান তাড়া করে খুলনা। চট্টগ্রামের আল আমিন হোসেন আর শহিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।
এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্বীকৃত ব্যাটাররা কিছুই করতে পারেননি। ৮০ রানে ৭ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল তারা। সেখান থেকে লোয়ার অর্ডারের শহিদুল ইসলামের ব্যাটে ১২১ রানের পুঁজি পায় শুভাগতহোমের দল।








