টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২ উইকেট হারায় ২৩ রানের মধ্যে। তবে তানজিদ ও সাকিবের ৪৮ রানের জুটিতে সে চাপ বাংলাদেশ সামাল দেয় ভালোভাবেই। ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধরে রেখেছিলেন মূলত সাকিবই।
এরপর মাহমুদউল্লাহ ও জাকেরের ক্যামিওতে বাংলাদেশ পেয়েছে বেশ ভালো একটা সংগ্রহই। এ পিচ ব্যাটিংয়ের জন্য কঠিন নয় মোটেও। তবে মাঠের বাতাস তো আছেই, গতির বৈচিত্রও কাজে দিচ্ছে।
১৯তম ওভারে জাকের আলী মেরেছেন ৩ চার। সে ওভারে আসে ১৪ রান। ২০তম ওভারে সাকিব তুলেছেন ১২ রান। বাংলাদেশ গেছে ১৫৯ রান পর্যন্ত। ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন সাকিব, জাকের ৭ বলে করেন ১৪ রান।
শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। ৩ বলে ১ করে সাজঘরে ফিরেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই আইরিশ স্পিনার আরিয়ান দত্তকে রিভার্স সুইপ খেলে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এরপর আরিয়ানের দ্বিতীয় শিকার হন লিটন। সুইপ খেলে স্কয়ার লেগে ব্রাইব্যান্ড এনগেলব্রেখটে দুর্দান্ত ক্যাচ হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ২ বলে তিনি করেন ১ রান।







