ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, যেখানে পিচের আচরণ এখনো সেই পুরোনো-ধীর, কালো, স্পিন সহায়ক। এমন পিচেই প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছিল বাংলাদেশ। আজ একই মাঠে দ্বিতীয় ম্যাচে আবারও আলোচনায় উঠে এলেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।
প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রান ও বল হাতে ৬ উইকেট নেওয়া রিশাদ আজ ছিলেন আরও বিধ্বংসী। ব্যাটিংয়ে দল যখন চাপে, তখনই তিনি নেমে খেলেন ঝোড়ো ইনিংস। ১৪ বলে অপরাজিত ৩৯ রানে দলকে ২১৩ রানের লড়াকু সংগ্রহ এনে দেন। তার ব্যাটিংয়ে ছিল চার-ছয়ের ঝড়, যা মুহূর্তেই বদলে দেয় ম্যাচের গতি।
রিশাদের আজকের স্ট্রাইক রেট ছিল ২৭৮.৫৭-বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে অন্তত ২৫ রানের ইনিংসে সবচেয়ে বেশি। এর আগে রেকর্ডটি ছিল দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের দখলে।
২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে মাশরাফি করেছিলেন ১৬ বলে অপরাজিত ৪৪ রান, স্ট্রাইক রেট ছিল ২৭৫। আর ২০১৪ সালে মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে সাকিবও ১৬ বলে অপরাজিত ৪৪ রানে করেছিলেন একই কীর্তি।
আজ সেই রেকর্ড দুটিকেই ছাড়িয়ে গেলেন রিশাদ হোসেন। মিরপুরের ধীর পিচে তার ঝোড়ো ব্যাটিংয়ে হাসলো টাইগার শিবির, উচ্ছ্বাসে ভাসল গ্যালারি।








