আগামী ৩১ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বেই। স্বাভাবিকভাবেই একজন ক্রিকেটাররের স্বপ্ন এমন আসরে নিজেকে প্রতিনিধিত্ব করার।
আসন্ন আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশি সাকিব আল হাসান ও লিটন দাস। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে।
এদিকে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। আগামী ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে টি-২০ সিরিজ। এ সিরিজ শেষ করেই নাকি আইপিএল খেলতে চলে যাবেন সাকিব ও লিটন। এরই মধ্যে আইপিএলে যেতে খেলার অনুমতি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। এ সময় তিনি সাকিব-লিটনের আইপিএল যাওয়া নিয়ে মুখ খুলেছেন।
পাপন বলেন, আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলেছি, একটাই উত্তর দিয়েছি। আইপিএলে নিলামে ওদেরকে যখন ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখন এভেইলেবল। আমরা ওদেরকে দিয়ে দিয়েছি। এটা জেনেই ওরা তাদের নিলামে নিয়েছে।
তিনি আরো বরেন, এরপর আর কোনো কিছু যদি চেঞ্জ হয়, তাহলে তো আমরাই বলব আপনাদেরকে। আমাদের এখন পর্যন্ত কোন চেঞ্জ আসেনি এখানটায়। আমাদের যেটা ছিল তাই আছে।
পাপনের কথায়, বাংলাদেশের খেলার সময় আমি কোন অপশনই দেখি না। যদি এমন হতো, ওদেরকে আমরা বলেছি যে ভেবেচিন্তে দেখতেও পারি। তাহলে সন্দেহ থাকতো। আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না।’
প্রসঙ্গত, আগামী পহেলা এপ্রিল আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। যদি সাকিব-লিটন এর আগে দলের সঙ্গে যোগ দিতে না পারেন, তাহলে প্রথম ম্যাচটি মিস করবেন তারা। এমনকি বিসিবি সিদ্ধান্তে অটল থাকলে পরের ম্যাচ অর্থাৎ ব্যাঙ্গালুরুর বিপক্ষেও খেলতে পারবেন না সাকিব ও লিটন। এজন্য তাকিয়ে থাকতে হবে এ আসরের পরের ম্যাচগুলোর দিকে।








