নিষেধাজ্ঞা মধ্যেই সাগরে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের কালো পোপা মাছ। বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি নুরুল আমিন।
শুক্রবার কক্সবাজারের টেকনাফের সাবরাং বাহারছড়া ঘাটে মাছটির দাম হাঁকাচ্ছেন ৭ লাখ টাকা। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাছটির দাম উঠেছে ৪ লাখ টাকা।
এর আগে ৬৫ দিনের নিষেধাজ্ঞা মধ্যে আজ সকালে বঙ্গোপসাগরের বারো বাইন নামের এলাকায় মাছটি ধরা পড়ে। উপজেলার সদর ইউনিয়নের হাবিবপাড়ার বাসিন্দা ও সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ আহমদের ট্রলারটির মালিক।
এ ব্যাপারে ওই ট্রলারের চালক (মাঝি) মোহাম্মদ উল্লাহ জানান, আজ সকালে মাছ ধরার জন্য সাবরাং ইউনিয়নের বাহারছড়া থেকে পাঁচজন মাঝিমল্লাসহ সৈয়দ আহমদের ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে গেলে সকাল সাড়ে ১০টার দিকে জালে বিভিন্ন প্রজাতির মাছসহ একটি বড় কালো পোপা মাছ আটকা পড়ে।
অন্যদিকে, ট্রলারের মালিক সৈয়দ আহমদ বলেন, এখন পর্যন্ত আবদুর রহমান ও মোহাম্মদ ফারুক নামের দুজন মাছ ব্যবসায়ী ৪ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। আরও বেশি দামের আশায় সন্ধ্যায় মাছটি কক্সবাজার ও চট্টগ্রামে পাঠানোর কথা চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এই মাছের চাহিদা রয়েছে। এর বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)। বায়ুথলি বেশ মূল্যবান বলে পোপা মাছের দাম অনেক বেশি।








