আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৩৮৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ দিন মেয়র পদে ১১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪২টি ওয়ার্ডে ২৮৭ জন ও সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে ৮৯ জন মনোনয়নপত্র জমা দেন।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে শেষ হয়েছে এ নির্বাচনের মনোয়নয়নপত্র জমাদানের সময়।
সিসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার সৈয়দ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রিটার্নিং অফিসার ও ওয়ার্ড ভিত্তিক সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নি অফিসারদের কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।
সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে নতুন ১৫টি ওয়ার্ডে। এর মধ্যে ৩০নং ওয়ার্ডে ১৯ জন, ৩৩ ও ৩৪নং ওয়ার্ডে ১৭ জন করে, ৩৭নং ওয়ার্ডে ১৩ জন, ৪১নং ওয়ার্ডে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নতুন অন্য ওয়ার্ডে ৩-১০ জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে।
মেয়র পদে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান, জাকের পার্টির জহিরুল আলম এবং স্বতন্ত্র হিসেবে ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল হানিফ কুটু, ছাত্রদলের সাবেক কর্মী ছালাহ উদ্দিন রিমন, আব্দুল মান্নান খান, সামছুননূর তালুকদার, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে এবং প্রত্যাহারের শেষ সময় ১ জুন।








