সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক দুটি মিছিল বের করে স্থানীয় বিএনপির দুই পক্ষ।
মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে রাস্তা ছেড়ে দিতে রাজি হয়নি।
এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ এসে থামানোর চেষ্টা করে। এর মধ্যেই দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১০ জন আহত হন। এর মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা বিএনপির এক পক্ষে আছেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান, জুলফিকার চৌধুরীসহ অন্যরা।
অন্য পক্ষে আছেন যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক আবদুল মালিকসহ অন্যরা।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত দুটি মিটিল মুখোমুখি হওয়ার পরই পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়েছে। এখনো দুই পক্ষ দুই জায়গায় অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে আছে।##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৭.১১.২৬








