প্রথম ৫ ওভারেই ৬০ প্লাস রান। সবাই ধরে নিয়েছিলো, আজ হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সব রেকর্ড ভেঙে দেবে ভারত। কিন্তু কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক ভারতের লাগাম টেনে ধরতে পেরেছিলেন দক্ষিণ আফ্রিকান বোলাররা।
এক বিরাট কোহলি যদি সেঞ্চুরিটি করতে না পারতেন, তাহলে হয়তো ৩০০ রানের গন্ডিও পেরুত না ভারত। শেষ পর্যন্ত বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে দক্ষিণ আফ্রিকাকে ৩২৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রোহিতের দল।
এদিকে বিশ্বকাপে গত ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলার পর থেকেই টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় ছিলেন কোহলি। এর পর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারেননি, কিউইদের বিপক্ষে ফেরেন ৯৫ রান করে, লঙ্কানদের বিপক্ষে ৮২ রানে। শেষ পর্যন্ত বহুল কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা মিলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের শেষ দিকে।
এই সেঞ্চুরিতে ১০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে যাওয়া টেন্ডুলকারের ৪৯ শতকের রেকর্ডে ভাগ বসিয়েছেন বিরাট কোহলি।
৪৯তম ওভারের তৃতীয় বলে কাগিসো রাবাদার বলে সিঙ্গেল নিয়ে ১০০-তে পৌঁছান তিনি। তিন সংস্করণ মিলিয়ে এটি কোহলির ৭৯তম শতক। কোহলির আগে এবারের বিশ্বকাপে জন্মদিনে শতক করেছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, পাকিস্তানের বিপক্ষে।
কোহলি এমন দিনে টেন্ডুলকারের রেকর্ডে নাম লিখিয়েছেন, যেটি তার ৩৫তম জন্মদিন। ৪৯টি শতক করতে টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ৪৫১ ইনিংস, কোহলি সেটি ছুঁয়ে ফেলেছেন ২৭৭ ইনিংসেই।
কোহলির রেকর্ড গড়া শতকের দিনে ৫০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৩২৬ রান তুলেছে ভারত। অন্যদের মধ্যে শ্রেয়াস আইয়ার ৮৭ বলে ৭৭ এবং রোহিত শর্মা ২৪ বলে ৪০ রান করেন।








