দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরই লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন (স্বতন্ত্র) প্রার্থী এম এ সাত্তার। তিনি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দিনেই তার নির্বাচনী প্রচার-প্রচারণায় কয়েক হাজার সমর্থক অংশ নেন। এতে সাধারণ মানুষের মাঝে নির্বাচনের উৎসব বিরাজ করছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মান্দারি বাজার থেকে প্রথম নির্বাচনী কার্যক্রম শুরু করে এম এ সাত্তার। পুরো বাজার সাত্তার ও তার প্রতীক (ট্রাক) মার্কা স্লোগানে মুখরিত হয়ে উঠে।পরে বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী চলে আলোচনা। উৎসুক জনতা সাত্তারের বক্তব্য শুনতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বাসস্ট্যান্ড থেকে একটু অদূরে চা-দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আবুল কাশেম, কুদ্দুস, হারুন, মামুন ও জাহাঙ্গীর আলমসহ একাধিক ব্যক্তি। তারা বলেন, যদি এম এ সাত্তার ভোটে বিজয় হন। তাহলে আমাদের এ আসনে উন্নয়ন হবে। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। দেশব্যাপী উন্নয়ন হয়েছে ঠিক, কিন্তু আমাদের এ আসনে দৃশ্যমান উন্নয়ন হয়নি। এখানকার মানুষ সব উন্নয়ন থেকে বঞ্চিত।
আলোচনা সভায় স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার বলেন, আপনাদের ভালোবাসা ও বিশ্বাস থাকায় আজ আমি একজন (এমপি) প্রার্থী। আমি এ ভোটে দাঁড়ালাম শুধু আপনাদের সেবা করা ও এই অবহেলিত আসনের উন্নয়ন করার জন্য। আমি কখনও আপনাদের কাছ থেকে কিছু নিতে আসব না। শুধু আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলেই আমি এ আসনটাকে একটি আধুনিক আসনে রূপান্তর করতে পারব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি। তার সঙ্গে এ আসন থেকে ভোট করবেন নৌকার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এছাড়াও আরও চার প্রার্থী ভোটের মাঠে লড়বেন। তারা হলেন- রাকিব হোসেন (লাঙ্গল), আব্দুর রহিম (কাঁঠাল), মাঈম হাসান (সোনালী হাঁস) ও মাহবুবুল করিম টিপু (হাতুড়ি)।







