এম এ হোসেন, রংপুর: সিরাত জাহান স্বপ্না, রংপুরের নারী ফুটবলারের গ্রাম খ্যাত সদর উপজেলার সদ্যপুস্কুরিনী ইউনিয়নের পালিচড়া এলাকার জয়রাম গ্রাম থেকে গিয়েছে ফুটবলের মাঠে। ইতোমধ্যেই অর্জন তার অনেক। বহুবার এনে দিয়েছে বিজয়। ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সদ্যপুস্কুরিনীর স্বপ্না টুর্নামেন্টে করেছে ৪ গোল। তার অংশগ্রহণে বাংলাদেশ চাম্পিয়ন হওয়ায় পুরো রংপুর জেলায় বইছে আনন্দের ঢেউ। খেলা শেষ হওয়ার পরপরই এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরাত জাহান স্বপ্নার ছবি দিয়ে পোস্ট দিয়েছে রংপুরের ফুটবলপ্রেমীরা। ভারতের ম্যাচে স্বপ্না দুটি গোল করেছিল। অভাবকে জয় করা রংপুরের পালিচড়ার এই মেয়ে আজ সাফ ফুটবলের চ্যাম্পিয়নশিপের মুকুটটা অর্জনে ভূমিকা রাখল। তার এ অর্জনে উৎসব ছড়িয়েছে সবার মাঝেই। স্বপ্নার পিতা মোকছার আলী, মা লিপি বেগম। স্বপ্না সদ্যপুস্কুরিনী পালিচড়া ফুটবল দলের খেলোয়াড়। সিরাত জাহান স্বপ্না ২০১৩ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়, সেই থেকে এখন পর্যন্ত জাতীয় দলে খেলছেন। স্বপ্নার কোচ মিলন খান জানান, স্বপ্না অত্যন্ত মেধাবী খেলোয়াড়। সে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। এই সাফ নারী চ্যাম্পিয়নশিপে ৪ গোল করে দেশের জয়ে ভূমিকা রেখেছে। আমি কোচ হিসেবে গর্বিত। স্বপ্নার বাবা মোকছার আলী জানান, বিশ্বাস ছিল মেয়েরা ভালো কিছু করবে। আমি আমার মেয়ের জন্য সত্যি গর্বিত। আমাদের গ্রামসহ রংপুরবাসী খুশি। এটা আমাদের মতো গরিব পরিবারের জন্য বিরাট কিছু। আমার ভালো লাগছে আমার মেয়ে দেশের জন্য খেলছে, ভালো খেলে রংপুরের মুখ উজ্জ্বল করছে। এসময় আবেগাপ্লুত হয়ে যান এবং মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। তার এ জয়ে রংপুরের সাধারণ মানুষেরা জানান, স্বপ্না আমাদের জন্য স্বপ্ন পূরণ করেছে। দেশের জন্য বয়ে এনেছে সম্মান।








