কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রদল ও যুবদলের আয়োজনে , উলিপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোড়ে এসে পথসভা করেন।
সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞা বলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন একের পর এক বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন। এ সময় আন্দোলনে ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার বিচারের দাবি করেন। বক্তব্যে তিনি আরো বলেন উলিপুরে সন্তান রায়হান বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। আজ থেকে এই মোড়ের নাম হবে রায়হান মোড়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীর ,পথসভা শেষে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী মিছিলে মিছিলে স্লোগান তুলে পরে উপজেলা বিএনপি অফিসে গিয়ে মিছিলটির সমাপ্তি হয়। #
Views: 288
Related