ঢাকা পর্ব থেকে একটি জয় নিয়ে সিলেট গিয়ে দ্বিতীয় পর্ব শুরু করে কুমিল্লা। অন্যদিকে এই পর্বে একটিও জয়ের দেখা পায়নি মাশরাফির সিলেট। ঘরের মাঠেই নিজেদের নতুন অভিযান শুরু করে সিলেট। তবে এবারও ফলাফলের কোনো পরিবর্তন হয়নি।
কুমিল্লাকে ১৩০ রানে আটকে দিলেও ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় বড় ব্যবধানে হেরেছে মাশরাফির সিলেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অফস্পিনার আলিস আল ইসলামের তোপের মুখে পড়ে ২৮ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। নাজমুল হোসেন শান্ত (৫), মোহাম্মদ মিঠুন (০), ইয়াসির আলি (১), বেন কাটিং (১), মাশরাফি বিন মর্তুজা (০)-দাঁড়াতে পারেননি কেউই।
জাকির হাসান কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু ৩৪ বলে ৪১ রান করে অষ্টম ব্যাটার হিসেবে তিনিও ফিরলে শেষ আশাটাও শেষ হয়ে যায় সিলেটের। ১৬.২ ওভারে ৭৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।
আলিস আল ইসলাম ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৪টি উইকেট। সমান ওভারে ১৭ রানে ২ উইকেট পান রস্টন চেজ।
এর আগে মাশরাফি বিন মর্তুজার দলের সামনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুব বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি। টস হেরে ব্যাট করতে নেমে সিলেট বোলারদের তোপের মুখে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩০ রান করতে সক্ষম হয় কুমিল্লা। মাশরাফিদের সামনে বলতে গেলে সিলেটের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। সিলেটের সফল বোলার সামিট প্যাটেল। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি।








