বিশ্বের ১৫টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি ও হামাসের হাতে থাকা সকল জিম্মিকে মুক্ত করার দাবি জানিয়েছে দেশগুলো।
মঙ্গলবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন- অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও ফিলিস্তিন— দুইটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখার মধ্যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে, তা নিশ্চিত করতে হবে।
দেশগুলো গাজা ও পশ্চিম তীরকে একটি একক প্রশাসনিক কাঠামোর অধীনে এনে প্যালেস্টাইন অথরিটির নিয়ন্ত্রণে দেওয়ার গুরুত্ব তুলে ধরেছে। পাশাপাশি গাজায় মানবিক বিপর্যয়, খাদ্য সংকট ও বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি সহায়তা পৌঁছাতে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলোর কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলো বলেছে, আমাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, কেউ কেউ দেওয়ার পরিকল্পনা করছে, আবার কেউ ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করছে। আমরা বিশ্বাস করি, দ্বি-রাষ্ট্র সমাধানই শান্তি প্রতিষ্ঠার একমাত্র বাস্তবসম্মত পথ।
তারা আরও জানায়, যেসব দেশ এখনো এই উদ্যোগে শরিক হয়নি, আমরা তাদেরও আহ্বান জানাচ্ছি এই প্রচেষ্টায় অংশ নিতে।
যৌথ বিবৃতিতে গাজার যুদ্ধ-পরবর্তী ভবিষ্যতের কথাও উল্লেখ করা হয়, যেখানে গাজার পুনর্গঠন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি প্রশাসন থেকে হামাসকে বিচ্ছিন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।






