বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে ঠান্ডা মিয়া নামের এক যুবককে আমৃত্যু
কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক সোমবার দুপুর ১২টার দিকে রায় দেন। এ
সময় দণ্ডপ্রাপ্ত আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত ঠান্ডা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর গ্রামের
মোনতাজ আলীর ছেলে।
তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, ‘ঠান্ডা মিয়া
পেশাদার মাদক বিক্রেতা। পুলিশ তাকে হেরোইনসহ হাতেনাতে আটক করেছে।’
এজাহারে বলা হয়, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোপন তথ্যের ভিত্তিতে আরজি সাহাপুর গ্রামের
ঠান্ডা মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।
এ সময় বাড়ির মালিক ঠান্ডা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে
পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঠান্ডা মিয়ার
নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। অভিযোগপত্রেও তাকে একমাত্র অভিযুক্ত
দেখানো হয়।
আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, ‘দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে আমৃত্যু
কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড
দেয়া হয়েছে।’







