আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিলে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।
আজ ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার সকালে গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জোটের নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেন। সভায় উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম ও পিডিপি’র মহাসচিব হারুন আল রশীদ খাঁন।
সভায় গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপির ২৭ দফা রূপরেখার সাথে একমত পোষণ করে যুগপৎ আন্দোলন—সংগ্রাম করার সিদ্ধান্ত নেন।
সভায় জোটের পক্ষ থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ জোরদার করতে একটি লিয়াজো কমিটি গঠন করা হয়। লিয়াজো কমিটির আহ্বায়ক—বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সদস্য—সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সদস্য—সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম ও সদস্য—পিডিপি’র মহাসচিব হারুন আল রশীদ খাঁন।







