লক্ষ্মীপুর: টানা ৪ দিনে লক্ষ্মীপুরে ৩১২.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে পুরো জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
জেলার রামগতি উপজেলায় অবস্থিত ১ম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহওয়া পর্যবেক্ষক সোহরাব হোসেন বলেন, ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত লক্ষ্মীপুরে ৩১২.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত ছিল। এখন তা সরিয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বেশি।
জানা যায়, খাল ভরাট ও বেদখলের কারণে বৃষ্টির জমে থাকা পানি নামতে পারছে না। জেলা শহরের বুক বয়ে চলা রহমতখালী খালটিও পানিতে টইটম্বুর। খালের পানি পাশ^বর্তী রাস্তা উঠে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কসহ শহরের অভ্যন্তরীণ রাস্তাগুলোতে খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।
লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বাবলু বলেন, প্রচন্ড বৃষ্টিতে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের আশপাশের এলাকায় পানি জমে আছে। খামার বাড়িসহ কাঁচারাস্তাগুলো পানির নিচে ডুবে আছে। রিকশা-গাড়ি কোন কিছুই চলাচল করতে পারছে না।
লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, রহমতখালী খাল পানিতে টইটম্বুর। খালের পানি এসে কালু হাজি রোড ডুবে আছে। এখন চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।







