নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মদনপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিটের চেষ্টায় প্রায় ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে জাহিন টেক্সটাইলে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানিয়েছেন, কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।পরবর্তীতে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়।
তাৎক্ষণিকভাবে হতাহত ও আগুনের সুত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তবে শুক্রবার হওয়ায় কারাখানায় ছুটি ছিল। সে কারণে প্রাণহানীর শঙ্কা তেমন নেই বলে মনে করা হচ্ছে।
কারখানার শ্রমিকরা জানান, মূলত শুক্রবার হওয়ায় কারখানায় ছুটি ছিল, কেউ কাজে আসেনি। এতে করে কোন শ্রমিক ভেতরে আটকে পড়েনি বা কেউ হতাহত হয়নি। এই কারখানায় অগ্নি নির্বাপনের সব ধরনের ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র কর্মীর অভাবে যারা এই যন্ত্রগুলো চালাতে পারে তারা না থাকায় আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা যায়নি। খবর পেয়ে আমাদের শ্রমিকরা অনেকে এসে কাজ করছেন আগুন নেভাতে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় আগুন লেগেছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নির্বাপণ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।
অন্যদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।এর ফলে মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এতে মহাসড়কে সাত কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে এ পথে যাতায়াত করা যাত্রীরা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেছেন, আগুনের কারণে একপাশে সড়ক বন্ধ আছে। এ কারণে দীর্ঘ যানজট। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্বাভাবিক করা যাচ্ছে না সড়ক। আমি নিজেও অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আছি।







