জামাল পুর জেলা প্রতিনিধি : নাজমুল হাসান
৬ বছরেও সংস্কার হয়নি সরিষাবাড়ীর শুয়াকৈর সেতু
সরিষাবাড়ী উপজেলার শুয়াকৈর ব্রিজ ভেঙে যাওয়ার ছয় বছর পার হলেও এখনো তা সংস্কার বা পুনর্নির্মাণ হয়নি। ফলে দুই উপজেলার অন্তত ১৭ থেকে ২০টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।
ঝিনাই নদীর ওপর নির্মিত এ সেতুটি ২০২০ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যায়। এতে সেতুর একাধিক পিলার ও স্প্যান নদীগর্ভে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই থেকে আজও কার্যকর কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
বর্তমানে বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মিত অস্থায়ী কাঠের সাঁকোই একমাত্র ভরসা। নদী পারাপারে নৌকাডুবির মতো দুর্ঘটনাও ঘটেছে, যা স্থানীয়দের নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ তৈরি করেছে।
এই সেতুর ওপর নির্ভরশীল সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার চরাঞ্চলের অন্তত ২০টি গ্রামের মানুষ। এর মধ্যে রয়েছে চররৌহা, চরনান্দিনা, বড়বাড়ীয়া, সিংগুরিয়া, শুয়াকৈরসহ আশপাশের বহু গ্রাম। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজের কারণেই সেতুটি অল্প সময়ের মধ্যে ধসে পড়ে। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস মিললেও বাস্তব কোনো অগ্রগতি নেই বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল জানান, সেতুটি পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামিম বলেন, দ্রুত সময়ের মধ্যে শুয়াকৈর ব্রিজ পুনর্নির্মাণের মাধ্যমে দুই উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবের আশা করা হচ্ছে।








