আমার প্রশ্নটা মেয়েদের কাছে। ছেলেরা হয়তো হাসবেন। হাসলেও কিছু বলার নাই। এই প্রশ্নটা আমি বারো বছর ধরে বয়ে বেড়াচ্ছি, কারো কাছে জিজ্ঞেস করতে পারি নাই।
স্কুল জীবন থেকে আমাদের সম্পর্ক ছিল। ছয় বছর। কোচিংয়ে যাওয়া আসার পথে দেখা, চিরকুট দেওয়া নেওয়া, এইসব দিয়ে শুরু। তখন মোবাইল ছিল না সবার হাতে। সপ্তাহে একদিন কথা হইলেই মনে হতো অনেক পাইছি। আমি ধরেই নিছিলাম শেষ পর্যন্ত ওই হবে। মানুষ অল্প বয়সে এমন অনেক কিছু ধরে নেয়।
ওর বিয়ে ঠিক হলো হঠাৎ করে। পাত্র সরকারি চাকরি করে, ওর বাবার পছন্দ। আমি তখন মাত্র পড়া শেষ করছি, হাতে কিছু নাই। আমি ওকে বলছিলাম পালিয়ে আসতে। অনেকবার বলছি। ও প্রতিবার একই কথা বলছে — ওর ছোট বোনটা আছে, ও পালালে বোনের জীবন নষ্ট হবে, বাবা মারা যাবে লজ্জায়। শেষ যেদিন কথা হলো ফোনে, ও শুধু বললো, “আমাকে খুঁজবা না আর।” তারপর আমার দেওয়া সব জিনিস, চিঠিগুলোসহ, একটা ব্যাগে করে আমার এক বন্ধুর হাতে পাঠিয়ে দিলো। ব্যাগটা খুলে আমি অনেকক্ষণ বসে ছিলাম। শুধু একটা চিরকুট ছিল না ওর ভেতরে। ওটা আমি নিজে রেখে দিছিলাম আগেই — ওর হাতের লেখা, তিনটা শব্দ। “ভালো থাইকো, প্লিজ।”
এরপর বারো বছর। কোনো যোগাযোগ নাই। আমি এর মধ্যে বিয়ে করেছি, আমার একটা মেয়ে আছে। স্ত্রী জানে না এইসবের কিছুই। আমি নিজেও ভাবছিলাম অধ্যায়টা শেষ। শেষ হয় নাই।
গত মাসে এক আত্মীয়ের বাসায় দাওয়াতে গিয়ে ওর সাথে দেখা। ও আসছিল ওর স্বামী আর দুইটা বাচ্চা নিয়ে। আমি একদম মুখোমুখি পড়ে গেলাম দরজায়। ও আমার দিকে তাকালো। এক সেকেন্ড, দুই সেকেন্ড। তারপর চোখ সরিয়ে বাচ্চাটাকে বললো, জুতা ঠিকমতো পরো। চলে গেল পাশ দিয়ে।
আমি সারারাত ঘুমাইতে পারি নাই। ও কি আমাকে সত্যিই চেনে নাই? বারো বছরে মানুষের চেহারা বদলায়, কিন্তু ছয় বছরের মানুষকে চেনা যায় না এমন তো না। নাকি চিনেও না চেনার ভান করলো? কোনটা বেশি কষ্টের আমি আজও জানি না। চিনে নাই হইলে বুঝবো আমি একাই মনে রাখছি। আর চিনেও এড়িয়ে গেলে বুঝবো ওর জন্যও সহজ ছিল না। অদ্ভুত, দ্বিতীয়টাই আমি মনে মনে চাই। এই চাওয়াটা কি স্বার্থপরতা কিনা জানি না।
আমি কোনো অধিকার চাই না। ফোন করতে চাই না, দেখা করতে চাই না। ওর সংসার নষ্ট করার ইচ্ছা আমার কোনোদিন ছিল না, আজও নাই। আমার প্রশ্ন শুধু একটাই, আর সেটা শুধু মেয়েরাই বলতে পারবেন।
বিয়ের পর, বাচ্চা হওয়ার পর, এতগুলো বছর পার হওয়ার পর — প্রথম মানুষটার কথা কি কোনোদিন মনে পড়ে? হঠাৎ কোনো রাস্তা দিয়ে গেলে, কোনো গান শুনলে, এক সেকেন্ডের জন্য হলেও? নাকি মেয়েদের মন থেকে এইসব সত্যিই একদম মুছে যায়?
ছেলেদের বেলায় জানি, আমরা পারি না। বারো বছরেও পারি নাই। শুধু জানতে ইচ্ছা করে ওপাশটায় কিছু আছে কিনা। কিছু না থাকলেও সত্যিটাই বলেন। মিথ্যা সান্ত্বনার চেয়ে সত্যিটা ভালো।






