প্রায় আট মাস আগে একজন বিবাহিত নারী ও একজন বিবাহিত পুরুষ নিজেদের সংসার জীবনে অশান্তির কথা শেয়ার করতে করতে ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে পড়ে। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্কটিতে কোনো স্থায়ী কমিটমেন্ট ছিল না, তবে তারা আবেগগতভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তারা নির্জনে দেখা করত এবং ব্যক্তিগত সম্পর্কেও জড়ায়, একে অপরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যক্তিগত ছবি পাঠাত।
হঠাৎ একদিন নারীটি জানায়, তার স্বামী তাদের ব্যক্তিগত ছবি দেখে ফেলেছে এবং তাকে মারধর করেছে। স্বামী ড্রাগ-আসক্ত হওয়ায় প্রায়ই টাকার জন্য তাকে চাপ দেয় ও শারীরিকভাবে নির্যাতন করে। তখন নারীটি তার প্রেমিকের কাছে টাকার সাহায্য চায়। প্রেমিক তাকে ২০,০০০ টাকা পাঠায় এবং নারীটির অনুরোধে কিছুদিন যোগাযোগ বন্ধ রাখে।
কিছুদিন পর আবার নারীটি প্রেমিকের সাথে যোগাযোগ করে জানায়, তার স্বামী ছবিগুলো নিয়ে প্রেমিকের পরিবারের কাছে যাওয়ার হুমকি দিচ্ছে। ছবিগুলো ডিলিট করার শর্তে সে আরো টাকা দাবি করে। প্রেমিক ভয় পেয়ে তাকে ৫০,০০০ টাকা দেয়। নারীটি প্রতিশ্রুতি দেয় যত দ্রুত সম্ভব সে তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাসায় চলে যাবে।
কিন্তু এরপরেও নারীটি ধারাবাহিকভাবে প্রেমিকের কাছে টাকা দাবি করতে থাকে। এসময় এক ব্যক্তি (নিজেকে নারীর স্বামী পরিচয় দিয়ে) প্রেমিককে ফোন করে এবং কিছু ছবি পাঠিয়ে মামলা করার ও পরিবারের কাছে ছবি পাঠানোর হুমকি দেয়। এর পরেও প্রেমিক বাধ্য হয়ে একাধিকবার টাকা দেয়। ফলে সে চরম হয়রানির শিকার হয়।
অসহায় অবস্থায় প্রেমিক আমাদের সাথে যোগাযোগ করে এবং সমাধানের জন্য পরামর্শ চায়। তদন্তে আমরা জানতে পারি, নারীটি আসলে বিবাহিত হলেও তার স্বামী দেশের বাইরে থাকে। সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং কিছু বন্ধুদের সহযোগিতায় পরিকল্পিতভাবে পুরুষদের সাথে সম্পর্ক গড়ে তুলে পরে হুমকি-ধমকি দিয়ে টাকা আদায় করে।
সমস্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পর প্রেমিককে নিয়ে আমরা নারীটির সাথে সরাসরি সাক্ষাৎ করি। সেখানে তার সব অপকর্মের প্রমাণ দেখানো হলে সে ভয় পেয়ে অপরাধ স্বীকার করে। আমাদের আইনজীবীদের সামনে সে নিজের ফোন থেকে সমস্ত ছবি ডিলিট করে এবং লিখিতভাবে (মুচলেখা আকারে) প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না এবং ঐ ব্যক্তিকে আর কখনো হয়রানি করবে না। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে, ঘটনাটি ফাঁস হওয়ার ভয়ে ও সামাজিক কারণে প্রেমিক কোনো মামলা করতে রাজি হয়নি।









