কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে সর্বোচ্চ (১২১৬) নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাইমুনা মজুমদার।
মাইমুনা মজুমদার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন মজুমদার ও মাহফুজা আক্তার মজুমদারের মেয়ে।
সে ২০১৮ সালে বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহী ও মেধাবী মাইমুনা ধারাবাহিকভাবে ভালো ফলাফলের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে।
তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত ও গর্বিত হয়েছেন বাবা-মা, আত্মীয়স্বজন, এলাকাবাসী এবং তার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মাইমুনার এমন কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। পাশাপাশি জীবনের আগামী দিনগুলোতেও সে যেন সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, সে জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। মাইমুনার এই অর্জনে চৌদ্দগ্রামবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে।







