বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার আবেদন আইনি ও বিচার বিভাগীয় বিষয় বলে জানিয়েছে ভারত। এ ছাড়া তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনবিষয়ক তথ্য জানতে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে দেশটি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন-সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ব্রিফিংয়ের শুরুতেই এক সাংবাদিক জয়সোয়ালকে প্রশ্ন করেন, শেখ হাসিনা তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন। কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এ ক্ষেত্রে নয়াদিল্লির কোনো ভূমিকা রয়েছে কিনা? ঢাকার সঙ্গে আলোচনা বা বিষয়টি উত্থাপন করবে কিনা ভারত? দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় কনস্যুলার সার্ভিসবিষয়ক বৈঠকে এ ধরনের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে কিনা, সেটিও জানতে চান সাংবাদিক।
জবাবে জয়সোয়াল বলেন, ‘আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এই ইস্যুটির প্রকৃত পরিস্থিতি কী, সে বিষয়ে তারাই আপনাদের সবচেয়ে ভালোভাবে অবহিত করতে পারবে।’
বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের আবেদন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ কী আলোচনা হয়েছে– সাংবাদিকরা জানতে চাইলে জয়সোয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন-সংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।’
ব্রিফিংয়ে গঙ্গার পানিবণ্টন চুক্তির বিষয়ও উঠে আসে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে জয়সোয়াল বলেন, ‘এ বিষয়ে আমি আগের প্রেস ব্রিফিংয়ে কথা বলেছি। এ মুহূর্তে আমার কাছে নতুন কোনো তথ্য নেই।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো তথ্য নেই।’
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বদনাম করার জন্য চীনা ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মন্তব্য করেন জয়সোয়াল। তিনি বলেন, ঢাকার ছবি তুলে, রিল তৈরি করে সেটি ভারতের জায়গা বলে চালানো নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক।
শেখ হাসিনার পরিকল্পনা কী?
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনকে শিগগির দেশে ফেরার পরিকল্পনার চেয়ে আওয়ামী লীগের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা এবং রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, দেশে ফেরার ঘোষণা দিয়ে তিনি দলের নেতাকর্মীদের সক্রিয় রাখার পাশাপাশি নিজের নেতৃত্ব ধরে রাখতে চাচ্ছেন।
আলজাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, হাসিনার পাসপোর্টের আবেদন তাঁর দ্রুত দেশে ফেরার পরিকল্পনার ইঙ্গিত নয়। বরং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার কৌশল হতে পারে এটি।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমানের মতে, নিজের পরিণতি সম্পর্কে শেখ হাসিনা সচেতন। তবে তিনি চান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় থাকুন এবং দলের নেতৃত্ব তাঁর হাতেই থাকুক।
সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সমর্থকদের উজ্জীবিত করা এবং রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার কৌশল।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ফয়েজ সোবহানের মতে, দেশে ফিরলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড অথবা দীর্ঘ কারাবাসের মুখোমুখি হতে হবে।
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে বাধা
২০২৪ সালের ৫ আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে। তাঁর ভারতে অবস্থান ঢাকা ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে উঠেছে। বাংলাদেশ একাধিকবার তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের সহযোগিতার সম্ভাবনা কম।
জন এফ ড্যানিলোভিচের ধারণা, শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা কম
ক্ষমতাসীন বিএনপির সঙ্গে শেখ হাসিনার সমঝোতার সম্ভাবনাও দেখছেন না বিশ্লেষকরা। ফয়েজ সোবহানের মতে, শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিন কারাবাস ও হয়রানির শিকার হতে হয়েছে। ফলে তাঁর সঙ্গে সমঝোতা করা বিএনপির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইতোমধ্যে তাঁর পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ফিরতে হলে তাঁকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।







