রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে প্রকাশ্যে ঘুরে ঘুরে লাইভ ভিডিও করতেন শতাধিক চীনা নাগরিক। স্থানীয় মানুষের বাড়িঘর, রাস্তাঘাট ও জীবনযাপন ক্যামেরায় ধারণ করে এসব ভিডিওতে বাংলাদেশের বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন নিয়ে নেতিবাচক মন্তব্যও করতেন তাঁদের কেউ কেউ। তবে গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর হঠাৎ করেই উত্তরায় তাঁদের আনাগোনা কমে গেছে। গত ৭ নভেম্বর থেকে তাঁদের আর আগের মতো লাইভ করতে দেখা যাচ্ছে না।
গত ১১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে কোনো চীনা নাগরিককে লাইভ ভিডিও করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাও কয়েক দিন ধরে তাঁদের উপস্থিতি দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন।
টেকপাড়া এলাকার বাসিন্দা মো. সেলিম বলেন, আগে দিনের মধ্যে অনেক চীনা নারী-পুরুষকে এলাকায় এসে ভিডিও করতে দেখা যেত। তবে কয়েক দিন ধরে তাঁদের আর চোখে পড়ছে না।
উত্তরার ১২ নম্বর সেক্টরসংলগ্ন খালের সেতুর কাছে রিকশাচালক ইমামুল ইসলাম বলেন, সেতুটি ছিল চীনা নাগরিকদের ভিডিও করার অন্যতম জায়গা। তাঁরা সারা দিন-রাত এখানে ভিডিও করতেন। স্থানীয় মানুষ ও যাত্রীদেরও ক্যামেরায় ধারণ করতেন। কিন্তু কিছুদিন ধরে তাঁদের দেখা যাচ্ছে না।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চীনা নাগরিকদের বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তাঁদের ভিসা ও পাসপোর্ট যাচাইয়ের পাশাপাশি পর্যটক ভিসায় এসে এ ধরনের কর্মকাণ্ডের কারণ জানতে চাওয়া হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় চীনা নাগরিকদের এ ধরনের কর্মকাণ্ড কমেছে। বিভিন্ন সংস্থার মাধ্যমে তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছে ভারত। গত ১০ নভেম্বর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি তাঁদের নজরে এসেছে। এক দেশে অবস্থান করে অন্য দেশের বদনাম করা দুর্ভাগ্যজনক। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও এর পেছনে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।
প্রতিবেদন অনুযায়ী, উত্তরায় অবস্থান করে ভিডিও ধারণ করলেও কয়েকজন চীনা নাগরিক সরাসরি সম্প্রচারে নিজেদের নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে পরিচয় দিতেন। তাঁদের কেউ কেউ বাংলাদেশের মানুষকে দরিদ্র এবং স্থানীয় পরিবেশকে নোংরা ও অপরিচ্ছন্ন বলে মন্তব্য করতেন।
গত ১ নভেম্বর মিয়ানমিয়ান নামের এক চীনা নারী উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড়ে দাঁড়িয়ে টেকপাড়ার দৃশ্য দেখিয়ে সরাসরি সম্প্রচার করেন। সেখানে তিনি এলাকাটিকে নয়াদিল্লি বলে পরিচয় করিয়ে দেন। অন্যদিকে ওয়াং ওয়েই নামের এক চীনা নাগরিক টেকপাড়ার চায়ের দোকানগুলো নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তবে সব চীনা নাগরিকের ভিডিওতে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক বক্তব্য ছিল না; কেউ কেউ ইতিবাচক মন্তব্যও করেছেন।
স্থানীয়দের ভাষ্য, এসব ভিডিওর বক্তব্য তাঁরা বুঝতে পারতেন না। পরে চীনা ভাষা জানা বাংলাদেশিদের সহায়তায় কয়েকটি ভিডিওর বক্তব্য অনুবাদ করে যাচাই করা হয়। অভিযোগ রয়েছে, এসব ভিডিও তৈরির কাজে স্থানীয় বাংলাদেশি নাগরিকদেরও অর্থ দেওয়া হতো।







