শিল্পাঞ্চল আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ নয় দফা দাবিতে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত।
আশুলিয়ায় শ্রমিকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সড়কে বেশ কয়েক দফায় অবরোধ সৃষ্টি করে। এ সময় পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষ বাধে। প্রায় দুই শতাধিক পোশাক কারখানা থেকে এদিন শ্রমিকরা কাজ ছেড়ে সড়কে নেমে আসেন। তারা আন্দোলনে যোগ দিয়ে দাবির পক্ষে সোচ্চার হন।
বৃহস্পতিবার সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকার হামীম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নেক্সট কালেকশন, স্টারলিং স্টাইল, সেতারা, ইয়াগি বাংলাদেশসহ বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
এ সময় শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় হামীম গ্রুপের নেক্সট ওয়াশ লিমিটেডের রাকিব হাসান নামে এক শ্রমিককে আটক করে পুলিশ। একজন শ্রমিককে আটকের এই ঘটনা অনেক শ্রমিক আটকের গুজব হয়ে ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা জামগড়া, নিশ্চিতপুর, বেরন, জিরাবো, টঙ্গাবাড়ি, গৌড়িপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভে অংশ নেয়।
শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পরলে চলমান থাকা অনেক কারখানার শ্রমিকরা কাজ ছেড়ে আন্দোলনে সামিল হন। শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা সাজোয়া যান নিয়ে টহলে রয়েছেন। শিল্প পুলিশের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভুঁইয়া জানান শ্রমিক আন্দোলনের ফলে অন্তত দুই শতাধিক পোশাক কারখানায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।
কয়েক স্থানে পুলিশ শ্রমিক সংঘর্ষে প্রায় অর্ধশত আহত হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার দুপুর ১২টায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য ছাড়াও পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।








