সঞ্জয় কান্ত শীল কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ফুপার দোকানের কর্মচারীর ধাওয়া খেয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর ওসমান গনি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে টংগি ফায়ার সার্ভিস। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত টানা উদ্ধার অভিযান চালিয়ে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার কোমর ও পায়ে লোহার শিকল পরানো অবস্থায় ছিল। নিহত ওসমান গনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাহাদুরসাদী গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওসমান গনির কোনো মানসিক রোগ ছিল না। তা সত্ত্বেও তার কোমর ও পায়ে শিকল পরানো ছিল। গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ওসমান গনির ফুপা বাবুলের দোকানের কর্মচারী মাসুম তাকে লাঠি নিয়ে ধাওয়া করেন। আতঙ্কিত হয়ে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে শিকল পরা অবস্থায় তিনি নৌকা থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, ওসমান গনি চোখের সামনে পানিতে তলিয়ে যাওয়ার পরও মাসুম তাকে উদ্ধার না করে ঘটনাস্থল থেকে চলে যান। ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হলেও শনিবার তার সন্ধান মেলেনি। পরদিন রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে টংগি ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় তল্লাশি শুরু করে এবং দুপুর ১টার দিকে বাহাদুরসাদী এলাকা সংলগ্ন নদী থেকে শিকল পরা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ মামুন জানান, গতকাল একজন যুবক পানিতে ঝাঁপ দিয়েছেন বলে খবর পাওয়া যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যা নেমে আসায় উদ্ধার অভিযান শেষ করে তারা ফিরে যান। পরে আজ আবারও খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার কোমর ও পায়ে শিকল ছিল। কালীগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা অনুপ কুমার সিংহ জানান টঙ্গির একটি ফায়ার সার্ভিস টিমের ডুবুরীদল ১টি মরদেহ উদ্ধার করা করেছে। এ ঘটনায় নিহতের ফুফা বাবুল হোসেন বলেন, “ওসমান গনি আমার ছেলের মতো। দীর্ঘদিন ধরে সে মানসিক সমস্যায় ভুগছিল। এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও রয়েছে। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। আগামী শুক্রবার তাকে আবারও হাসপাতালে নেওয়ার কথা ছিল।” বাবুলের দোকানের কর্মচারী মাসুম বলেন তাকে ধরে বাসায় নেওয়ার সময় সে পলায়ন করতে চেষ্টা করলে আমি তাকে লাঠি দিয়ে দৌড়ানি দেই। সে আমার কাছ থেকে ছুটে গিয়ে নৌকাতে উঠে সেখানে লাঠি নিয়ে ধরতে গেলে নদীতে লাফ দেয়। এ সময় তার পায়ে এবং কোমরে শিকল বাধা অবস্থায় ছিল। এ বিষয়ে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ওসমান গনির মৃতদেহ সুরাহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবাগত ইউএনও’র দিলারা আকতারের আমন্ত্রণে রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সাথে খাগড়াছড়ির রামগড় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ...









