গাজীপুর : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ও শুক্রবার (৮ আগস্ট) অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান এ তথ্য জানান।
মো. শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশের বিভিন্ন টিম বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক। আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক এক তরুণীকে মারধর করছে। এ সময় ৬-৭ জন যুবক চাপাতি, রামদা ও ছুরি নিয়ে ওই যুবককে কোপানোর চেষ্টা করে। একপর্যায়ে ওই যুবক দৌড়ে পালিয়ে যায়। এ সময় অস্ত্র হাতে ওই ৬-৭ জন যুবক পেছন থেকে তাকে ধাওয়া করে।
পুলিশের ধারণা এ ঘটনার ভিডিও ধারণ করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এ সময় আসাদুজ্জামান তুহিন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছু সময় পর একটি দোকানের সামনে তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম-উত্তর) রবিউল হাসান বলেন, অন্যজনকে মারধর করার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।






