পিরোজপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পিরোজপুর জেলা শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে নজরুল ইসলাম খান-কে আহবায়ক, সাইদুল ইসলাম কিসমত-কে সদস্য সচিব, এলিজা জামান-কে ১ম যুগ্ম আহবায়ক এবং অধ্যাপক আলমগীর হোসেন-কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি প্রকাশ করা হয়।
জানা গেছে, পিরোজপুর জেলা বিএনপিকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতেই এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
এর আগে গত ২ সেপ্টেম্বর রাতে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়।







