মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি ও মজুদসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ জুন) উপজেলার মিঠাছড়া বাজার ও মিরসরাই বাজারের কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
জানা যায়, অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় পাঁচটি মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়। বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি ও মজুদ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে কার্যক্রম চালানোর অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। অপরাধের মাত্রা বিবেচনায় হক ফার্মেসিকে ১০ হাজার টাকা, হাবীব ফার্মেসিকে ৫ হাজার টাকা, নুরজাহান ফার্মেসিকে ৫ হাজার টাকা, ভূঞা ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং ফাল্গুনী ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চট্টগ্রাম জেলা ওষুধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান ও মো. ফজলুল হক অংশ নেন। এছাড়া মিরসরাই থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের ওষুধ সংক্রান্ত আইন মেনে ব্যবসা পরিচালনার আহবান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার সতর্কবার্তা দেন।







