চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
জানা গেছে, সরকারি দায়িত্ব পালনকালে তিনি মোটরসাইকেলে করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি তদন্তের কাজে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যরা আসছেন। প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে। নিহত কর্মকর্তার মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ওই আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।








