দিনাজপুর প্রতিনিধি ।।দিনাজপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, জনগণের অফুরন্ত ভালোবাসা, আস্থা ও বিশ্বাসকে পাথেয় করে দিনাজপুরের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। এ জন্য তিনি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “আমার প্রতি মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের কারণেই টানা তিনবার দিনাজপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছি। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া এবং সবার সম্মিলিত ভোটে আজ আমি দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি।”
অনুষ্ঠানে মাদ্রাসা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতার আজিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সেলু, দিনাজপুর লায়ন্স ক্লাবের সহ সভাপতি লায়ন মোঃ শাহ আলম, ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল দেওয়ান প্রমুখ ।
অনুষ্ঠানে মাদ্রাসা ও কবরস্থান কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম লালবাগ কবরস্থানের সীমানা প্রাচীরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন লালবাগ ২ নম্বর মসজিদের খতিব আতিকুর রহমান।








