বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে কথিত ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ রায়পুর উপজেলা শাখার নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। সংগঠনটির কথিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও তার সহযোগীদের বিরুদ্ধে এবার এক প্রবাসী দম্পতিকে ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগে রায়পুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে প্রবাসী গোলাম কিবরিয়া সবুজ বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি (মামলা নং- ২৬, তারিখ: ১৭/১০/২০২৬ইং) নথিভুক্ত করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মোঃ মিজানুর রহমান সর্দার (৪২)-কে। এছাড়া ২ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব রায়পুর শাখার কথিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন (৩৮)-কে। অন্যান্য আসামিরা হলেন— ইউছুফ আলী (৩২), মাসুম বিল্লাহ (২৪), মোঃ রহিম (২৮) এবং আরও অজ্ঞাতনামা ৫/৬ জন।
ঘটনার বিবরণ ও অভিযোগ:
এজাহারে জানা যায়, প্রবাসী গোলাম কিবরিয়া সবুজ ও তার স্ত্রী মিলি আক্তার গত শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দেনায়েতপুর এলাকায় এক বান্ধবীর মেয়ের ১০ম জন্মদিনের দাওয়াতে যান। বেলা ১১টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত বিবাদীরা বেআইনিভাবে সঙ্ঘবদ্ধ হয়ে ওই বাসায় অনধিকারে প্রবেশ করে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা বাসায় প্রবেশ করেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং ঘরবাড়িতে তল্লাশির নামে তাণ্ডব চালায়। একপর্যায়ে ঘর থেকে ০১ ভরি ০২ আনা ওজনের স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ২,৪৫,০০০ টাকা) এবং নগদ ২৫,৭৫০ টাকাসহ ব্যাংকের কার্ড ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগীরা বাঁধা দিতে গেলে তাদের বেধড়ক মারধর করা হয়। ১ নম্বর আসামি রান্না ঘর থেকে বেলন এনে প্রবাসীর স্ত্রীর বাম হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। আসামিরা গৃহবধূর শ্লীলতাহানি ঘটায় এবং প্রবাসীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়।
ব্ল্যাকমেইল ও অশালীন ভিডিও ধারণ:
ভুক্তভোগী প্রবাসীকে বিবাদীরা অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে রুমে আটকে রাখে এবং জোরপূর্বক মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। পরবর্তীতে প্রবাসী সবুজ তাদের কাছে নিজেদের বৈধ বিবাহের ছবি ও কাগজপত্র দেখালেও তা উপেক্ষা করে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে আসামিরা।
ঘটনার পর আহত দম্পতি রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন এবং নিকটাত্মীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার প্রদান করেন।
আইনি ব্যবস্থা ও পেনাল কোড:
রায়পুর থানা পুলিশ এজাহারটি গ্রহণ করে বিবাদীদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩৪২/৪৪৮/৩২৩/৩০৭/৩৫৪/৩৮০/৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশ প্রেস ক্লাব রায়পুর উপজেলার সাইনবোর্ড ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে আব্দুল্লাহ আল মামুন গং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করে আসছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই ও আসামিদের দ্রুত গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।









