মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যাচাই-বাছাই করে ৪০ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়।
ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড তুলে দেন শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। সাংবাদিকতা পেশায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাংবাদিক নেতা মাকসুদ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও প্রাণিসম্পদ মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, মানবাধিকার চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, মুক্তিযোদ্ধা এটিএম আক্তার হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরমান চৌধুরী এবং সঞ্চালনা করেন কানিজ ফাতেমা।
এবারের অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ঢাকার ১৯ জনসহ প্রভাষক, রাজনীতিবিদ, পিএইচডি হোল্ডার, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং শেরে বাংলাকে নিয়ে গবেষণা করা তিনজন গবেষকও ছিলেন।
অ্যাওয়ার্ড বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সেখানে ক্ষুদে শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।









