চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকার বক্সে আলী ভূঁইয়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টার ব্যবধানে একই ঘরে দুবার আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির মালিক মৃত নূর বক্স। তাঁর মৃত্যুর পর স্ত্রী মেয়ের শ্বশুরবাড়িতে বসবাস করেন। মাঝে মধ্যে নিজের বাড়িতে এসে এক-দুই দিন অবস্থান করে আবার চলে যান। শুক্রবার রাতে আগুন লাগার সময় ঘরটিতে পরিবারের কোনো সদস্য ছিলেন না। শুক্রবার সন্ধ্যায় প্রথমবার ঘরটিতে আগুন লাগে। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১১টার দিকে একই ঘরে আবার আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বসতঘরটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সড়কসংক্রান্ত সমস্যার কারণে সময়মতো আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।
—








