ডোমারে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার
ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে নীলফামারী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান জোড়াবাড়ী ইউনিয়নের সুইচগেট পূর্ব হলহলিয়া এলাকার জহরুল হক ফালুর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে শিশুটিকে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ধানক্ষেতে নিয়ে যায় মিজানুর। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর শিশুটির রক্তক্ষরণ হলে সে বিষয়টি তার মাকে জানায়। পরে শিশুটির বাবা ডোমার থানায় মামলা দায়ের করেন।
শিশুটির বাবা অভিযোগ করে বলেন, মিজানুর তাদের প্রতিবেশী হওয়ায় তার পাঁচ বছর বয়সী মেয়ে প্রায়ই তাদের বাড়িতে খেলতে যেত। এই সুযোগে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে তাকে বাড়ির পাশের ধানক্ষেতে নিয়ে যায় মিজানুর। সেখানে ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে মেয়েকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে রক্তক্ষরণ হলে মেয়ে তার মাকে বিষয়টি জানায়। এরপর থানায় মামলা করলে পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করে। তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
ডোমার থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।







