ক্ষমতার কুশীলবদের পতন:ইরান যুদ্ধের মূল্য চুকাল আমেরিকার ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু
যুদ্ধ সবসময়ই ধ্বংসের বার্তা বয়ে আনে। আর সেই যুদ্ধ যখন আত্মম্ভরি ও আধিপত্য বিস্তারের জিঘাংসা থেকে কোনো স্বাধীন দেশের ওপর চাপিয়ে দেওয়া হয়, তখন তার পতন অনিবার্য হয়ে ওঠে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে, তা এই চিরন্তন সত্যেরই এক নতুন ও শক্তিশালী প্রমাণ। ইরানের সরকারকে পরিবর্তন করার উচ্চাভিলাষী ও আগ্রাসী পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন এবং তেল আবিব যে যুদ্ধবিগ্রহের সূচনা করেছিল, তার পরিণতিতে উল্টো পতন ঘটেছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবাজ সরকারগুলোরই। ইতিহাসের এক নির্মম পরিহাসে, এই দুই দেশের জনগণ ও ভোটাররাই ব্যালটের মাধ্যমে তাদের উদ্ধত শাসকদের কড়া জবাব দিয়েছে।
ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈরিতা এবং দেশটির শাসনব্যবস্থাকে জবরদস্তি পরিবর্তনের অপচেষ্টা নতুন কিছু নয়। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই আগ্রাসনের মাত্রা বাড়িয়ে সরাসরি এক অন্যায্য যুদ্ধের জাল বুনেছিল। ওয়াশিংটনের নীতিনির্ধারকরা ভেবেছিলেন, পারস্য উপসাগরে যুদ্ধের ডঙ্কা বাজালে বুঝি তাদের রাজনৈতিক ভাগ্য আরও সুদৃঢ় হবে। কিন্তু তারা হিসাবের বড় ভুল করেছিলেন। ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই অপ্রয়োজনীয় ও রক্তক্ষয়ী যুদ্ধ মার্কিন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যখন দেখেছে যে তাদের ট্যাক্সের অর্থ ও তরুণ সেনাদের জীবন বিসর্জন দেওয়া হচ্ছে এক দূরপ্রাচ্যের পরাবাস্তব যুদ্ধের বলিদান হিসেবে, তখন তাদের মধ্যে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে।
এই জনরোষের সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে। ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টিকে শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয়েছে। মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাট বা বিরোধী শিবিরের হাতে চলে যাওয়ার ফলশ্রুতিতে ট্রাম্প প্রশাসন নজিরবিহীন রাজনৈতিক পঙ্গুত্বের মুখোমুখি। সদ্য অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি সিনেটের ১০০ আসনের মধ্যে পেয়েছে ৪৪ টি আসন এবং বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৫৪ টি আসন। এ নির্বাচনে রিপাবলিকানরা আগের চেয়ে ৭ টি আসন হারিয়েছে এবং ডেমোক্র্যাটরা ৭ টি আসন নতুন করে বেশি পেয়ে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে। মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক টানাপোড়েন এবং ভুল বৈদেশিক নীতির কারণে মার্কিন ভোটাররা বর্তমান প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। এই নির্বাচন ছিল মূলত ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে আমেরিকার সাধারণ মানুষের এক জোরালো অনাস্থা প্রস্তাব।
অন্যদিকে, এই নাটকের অপর প্রান্তে ইসরায়েলে ঘটেছে আরও নাটকীয় রাজনৈতিক পালাবদল। দেশটির দীর্ঘমেউাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা জিইয়ে রেখে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার অপরাজনীতি করে আসছিলেন। ইরানের বিরুদ্ধে প্ররোচনা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা ছিল সর্বাগ্রে। কিন্তু ইসরায়েলের জনগণও শেষ পর্যন্ত এই দীর্ঘস্থায়ী যুদ্ধ, নিরাপত্তাহীনতা এবং একনায়কসুলভ আগ্রাসনের ক্লান্তিকর পরিণতি বুঝতে পেরেছে। ইসরায়েলি সমাজ আজ গভীরভাবে বিভক্ত এবং শান্তিপ্রিয় নাগরিকরা নেতানিয়াহুর যুদ্ধবাজ নীতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের পর সরকার গঠন করার জন্য ডাক পেয়েছে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট। নির্বাচনে নেতানিয়াহু ও তার উগ্র ডানপন্থী জোটের পতন প্রমাণ করে যে, সাধারণ মানুষ আর রক্তপাত দেখতে চায় না; তারা চায় নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা।
এই গোটা ঘটনাপ্রবাহ বিশ্ব রাজনীতির এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিক্ষা আমাদের সামনে হাজির করেছে। কোনো দেশের সরকারকে জবরদস্তি পরিবর্তনের দিওয়ানা স্বপ্নে বিভোর শাসকরা প্রায়শই ভুলে যান যে, গণতন্ত্রের মূল শক্তি নিহিত রয়েছে জনতার রায়ে। মার্কিন যুক্তরাষ্ট্র হোক কিংবা ইসরায়েল—জনগণের মৌলিক অধিকার, শান্তি ও কল্যাণকে উপেক্ষা করে কেউ পার পেয়ে যেতে পারে না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা অন্য দেশের ভাগ্য পরিবর্তনের ছক কষে, ইতিহাসের নির্মম স্রোতে পরিশেষে তাদের নিজেদের ভাগ্যই বিপর্যয়ের মুখে পড়ে।
পরিশেষে বলা যায়, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের যে দুরাশা ওয়াশিংটন ও তেল আবিব লালন করেছিল, তা আজ ধূলিসাৎ হয়ে গেছে। উল্টো এই অপরিনামদর্শী যুদ্ধই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক ইমারত ধসিয়ে দিয়েছে। এ ঘটনা বিশ্বজুড়ে সব সাম্রাজ্যবাদী ও যুদ্ধবাজ শক্তির জন্য এক স্পষ্ট সতর্কবার্তা—জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো আগ্রাসনই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না।
মোঃ মহিউদ্দিন,
বিসিএস ( সাধারণ শিক্ষা),
শিক্ষা ও মধ্যপ্রাচ্য বিষয়ক কলাম লেখক।






