১৭ নভেম্বর আন্তর্জাতিক ছাত্র দিবস। এই দিনটি শুধু একটি স্মরণ দিবস নয়, এটি ছাত্রদের রক্ত, সাহস ও প্রতিরোধের ইতিহাস।১৯৩৯ সালের ১৭ নভেম্বর প্রাগে নাৎসি দখলদার বাহিনী ছাত্র আন্দোলনকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছিল। চিকিৎসা বিজ্ঞানের ছাত্র জান ওপ্লেটালের মৃত্যুর প্রতিবাদে হাজারো ছাত্র রাজপথে নেমেছিল। এর প্রতিশোধে নাৎসিরা চেকোস্লোভাকিয়ার সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়, ১২০০ এর বেশি ছাত্রকে গ্রেপ্তার করে কনসেনট্রেশন ক্যাম্পে পাঠায় এবং ৯ জন ছাত্র নেতাকে বিনা বিচারে গুলি করে হত্যা করে।সেই বর্বরতার বিরুদ্ধেই জন্ম নিয়েছিল আন্তর্জাতিক ছাত্র দিবস। ১৯৪১ সালে লন্ডনে প্রথম স্মরণ সভা হয়। ১৯৪৬ সালে প্রাগে প্রতিষ্ঠিত হয় International Union of Students (IUS)।
আজ ৮৭ বছর পরও প্রশ্ন একটাই – ছাত্রদের দমন কি শেষ হয়েছে? উত্তর হলো, না।বাংলাদেশ: ছাত্র আন্দোলনের দেশ বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্র আন্দোলনের ইতিহাস। ১৯৬৬ – ছয় দফা আন্দোলন: বাঙালির স্বায়ত্তশাসনের দাবি নিয়ে ছাত্ররাই প্রথম রাজপথে নামে। গুলি, লাঠিচার্জ, গ্রেপ্তার – কোনো কিছুই তাদের থামাতে পারেনি।১৯৬৯ – গণঅভ্যুত্থান: ছাত্রদের নেতৃত্বে গোটা জাতি জেগে ওঠে। শহীদ আসাদ, শহীদ মতিউর, ড. শামসুজ্জোহাসহ শত শত ছাত্রের রক্তে সামরিক শাসকের পতন ঘটে। এই অভ্যুত্থানই মহান মুক্তিযুদ্ধের পথ তৈরি করে।
১৯৯০ – স্বৈরাচার বিরোধী আন্দোলন: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের ছাত্ররা ঐক্যবদ্ধ হয়। শহীদ ডা. মিলন, শহীদ নূর হোসেনসহ অনেকের জীবনের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়, গণতন্ত্র ফিরে আসে।
২০২৪ – জুলাই অভ্যুত্থান: আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় গণতন্ত্র, ন্যায়বিচার ও মর্যাদার আন্দোলনে। শত শত ছাত্র শহীদ হন, হাজারো ছাত্র আহত হন, অনেকেই চিরতরে চোখ হারান। তবুও ছাত্ররা পিছু হটেনি।প্রাগ ১৯৩৯ থেকে ঢাকা ২০২৪ – ইতিহাস একটাই। যখনই ক্ষমতা ফ্যাসিবাদী হয়ে ওঠে, তখনই ছাত্ররা প্রতিরোধ হয়ে ওঠে।
আজকের বিশ্বে ছাত্রদের চ্যালেঞ্জ: আজ বিশ্বজুড়ে ছাত্ররা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেকারত্ব, মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা, বিশ্ববিদ্যালয়ে পুলিশি দমন, ফিলিস্তিনে গণহত্যা, মিয়ানমারে দমন-পীড়ন – সবখানেই ছাত্ররা প্রতিবাদ করছে, আর সবখানেই তাদের দমন করা হচ্ছে।কিন্তু ইতিহাস সাক্ষী, ছাত্রদের কণ্ঠ কখনো চিরতরে চেপে ধরা যায়নি।
আমাদের আহ্বানএই আন্তর্জাতিক ছাত্র দিবসে আমি বাংলাদেশ থেকে বিশ্বের সকল ছাত্র সংগঠন – International Students’ Council (ISC), COSYM, IUS সহ সবার প্রতি আহ্বান জানাই:
১. সর্বত্র একাডেমিক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও প্রতিবাদের অধিকার রক্ষা করতে হবে।
২. ফ্যাসিবাদ, দখলদারিত্ব ও রাষ্ট্রীয় দমনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
৩. গ্রেপ্তার, নির্যাতন, গুম ও হত্যা থেকে ছাত্রদের রক্ষা করতে হবে।
৪. শিক্ষাকে পণ্য নয়, অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়। শিক্ষা স্বাধীনতা, মর্যাদা ও মানব মুক্তির জন্য।
সাবেক ছাত্র নেতা হিসেবে আমি গর্বের সঙ্গে বলতে চাই – আমি যে প্রজন্মের, সেই প্রজন্ম রাজপথে লড়াই করেছে। আজকের প্রজন্মও লড়ছে। আগামী প্রজন্মও লড়বে।প্রাগ থেকে ঢাকা – সংগ্রাম চলবে।
আন্তর্জাতিক ছাত্র সংহতি দীর্ঘজীবী হোক!
লেখক: মোহাম্মদ বজলুর রহমান বাবলু
সাবেক ছাত্র নেতা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সভাপতি, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি, সভাপতি, ভোরের আলো সংঘ









