মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন একটি তোরণ ধসে বোরহান উদ্দিন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢালাইয়ের মাত্র তিন দিনের মাথায় সেন্টারিং খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের বাড়ির সীমানাপ্রাচীরের প্রবেশপথে একটি তোরণ নির্মাণের কাজ চলছিল। রোববার সকালে ওই তোরণের সেন্টারিং খোলার সময় হঠাৎ ছাদটি ধসে পড়ে। এতে প্রায় ১৫ ফুট নিচে ইট ও কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়েন শ্রমিক বোরহান। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখেন নির্মাণাধীন তোরণটি ধসে পড়েছে। এর নিচে এক শ্রমিক চাপা পড়ে আছেন। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
তারা আরো জানান, গত বৃহস্পতিবার সকালে তোরণটির ছাদ ঢালাই করা হয়। অভিযোগ রয়েছে, ঢালাইয়ের মাত্র তিন দিনের মাথায় সেন্টারিং খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজে প্রয়োজনীয় সময় ও নিয়ম অনুসরণ করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন স্থানীয়রা।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, সকালে দুর্ঘটনার শিকার এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নির্মাণাধীন গেটের তোরণ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে চাইলে পুলিশ মামলা গ্রহণ করবে।







