রংপুর বিভাগীয় প্রতিনিধি: প্রাইভেট কার থামিয়ে ছাগল চুরি করার সময় জনগণের ধাওয়া খেয়ে গাড়ী রেখে পালিয়ে যায় চালক ও চোরচক্র। গত ২২ জুন বুধবার দুপুরে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, গত বুধবার দুপুরে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় একটি প্রাইভেট কার রাস্তায় ব্রেক করে কয়েকটি ছাগল চুরি করে। এসময় জনতার ধাওয়ায় প্রাণ ভয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার ও ৫টি ছাগল উদ্ধার করে। এলাকাবাসী ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় গাড়িটি থামানোর জন্য একটি মোটরসাইকেল দিয়ে গতিরোধের চেষ্টা করা হয়। এ সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে তারা পালিয়ে যায়। এ সময় রাস্তায় থাকা আরও একটি ছাগলকে প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আলী বলেন, উদ্ধার হওয়া ৫টি ছাগল ও গাড়ি থানায় রয়েছে। গাড়ির মালিক ও চোরচক্রকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।







