নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের শেষভাগটা পার করে দিলেন তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম। দুজনের ১৬ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯ উইকেটে ৩১০ রানে দিন শেষ করল বাংলাদেশ।
দিনের ৯০ ওভারের পুরোটা খেলা সম্ভব হয়নি। নির্ধারিত ৬ ঘণ্টার পর আরও ১৫ মিনিট খেলা হলেও বাকি থেকে যায় ৫ ওভার।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১০ জন দুই অঙ্ক স্পর্শ করলেও পঞ্চাশ করতে পেরেছেন শুধু মাহমুদুল হাসান জয়। তিনিও বড় কিছুর সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছেন ৮৬ রানে।
এছাড়া নাজমুল হোসেন শান্ত (৩৭), মুমিনুল হকদের (৩৭) ত্রিশ ছোঁয়া ইনিংস শুধু বাড়িয়েছে আক্ষেপ। আর উইকেট ছুড়ে আসার মিছিলেন যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজরা।
তাইজুল ইসলাম, শরিফুল ইসলামের শেষ জুটিতে ৮৪তম ওভারে তিনশ স্পর্শ করল বাংলাদেশ। কাইল জেমিসনের বলে শরিফুলের ব্যাটের ভেতরের কানায় লেগে পাওয়া বাউন্ডারিতে পূর্ণ হয় ৩০০ রান।
পরের বলে দারুণ কভার ড্রাইভে চার মারেন শরিফুল। ওভারের শেষ বলে ফ্লিক শটে মারেন ওভারের তৃতীয় বাউন্ডারি।
৮৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩০৮ রান। শরিফুল ১২, তাইজুল ৭ রানে অপরাজিত। কাইল জেমিসনের ওভারে তিন বাউন্ডারি মেরে ১২ রানে পৌঁছে যান শরিফুল ইসলাম। ইনিংসে দুই অঙ্ক ছোঁয়া দশম ব্যাটসম্যান তিনি।
এদিকে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ ব্যাটসম্যানের সবাই খেলেন ১০ বা তার বেশি রানের ইনিংস। এবারও রয়েছে সেটি ছোঁয়ার সুযোগ। দিন শেষে ৮ রানে অপরাজিত তাইজুল ইসলাম। এর বাইরে ইনিংসে ১৫ বার দুই অঙ্ক ছুঁয়েছেন বাংলাদেশের ৯ ব্যাটসম্যান।








