রংপুর বিভাগীয় প্রতিনিধি: উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করা স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের মনোনয়নপত্র বালিত হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মনোনয়পত্র দাখিল করেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। একটি মামলা সংক্রান্ত তথ্য উল্লেখ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। গত ৪ ডিসেম্বর সোমবার বিকালে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য নিশ্চিত করেন। গত রবিবার সকালে রংপুর-৫ আসনের প্রার্থী যাচাই-বাছাই শেষে জাকির হোসেন সরকারের মনোনয়ন স্থগিত করা হয়েছিল। জাকির হোসেন সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে বের হয়ে বলেন, ২০০১ সালের ওই মামলাটিতে উল্লেখিত নামের সঙ্গে আমার নামের ও ঠিকানায় মিল নেই। অতএব ওই মামলাটি আমার না। আমি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের আপিল বিভাগে যাব। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, জাকির হোসেন সরকার মনোনয়ন ফরমে একটি মামলার তথ্য না দেওয়ার কারণে মনোনয়ন স্থগিত করার পর সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেননি। উল্লেখ্য, জাকির হোসেন সরকার মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং মিঠাপুকুর উপজেলা পরিষদের পর পর দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।








