অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বিজয়ী যে সরকার গঠন করবে, তার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী জন্য ইতোমধ্যেই নতুন বাসভবনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্র জানায়, জাতীয় সংসদ ভবনের ভেতরে স্পিকার ও ডেপুটি স্পিকারের দুটি বাসভবনকে একীভূত করে তৈরি করা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। ভবনগুলির মধ্যে যাতায়াতের জন্য দুটি স্তরবিশিষ্ট করিডর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পালাতক সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তর করা হয়েছে। ফলে পরবর্তী প্রধানমন্ত্রীকে গণভবনের বদলে জাতীয় সংসদ চত্বরে নতুন বাসভবন দেওয়া হবে।
উপযুক্ত স্থানের পরিদর্শন করেছে উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল। নিরাপত্তা, অবকাঠামো ও সুবিধা বিবেচনা করে স্পিকার ও ডেপুটি স্পিকারের দুটি দোতলা ভবনকে একত্রিত করে প্রধানমন্ত্রীর জন্য ব্যবহারযোগ্য করা হবে।
নির্মাণ ও সংস্কারের কাজ শেষ হলে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সেখানে বসবাস করবেন। জনমনে প্রশ্ন উঠছে কে উঠবেন সেখানে?







