নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানানো হয়, নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে ২২টি দল প্রাথমিকভাবে নির্বাচিত হয়। সেখান থেকে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এনসিপির প্রতীক নিয়ে কিছু জটিলতা থাকায় কমিশন থেকে তাদের নতুন প্রতীক বেছে নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। প্রতীক নিশ্চিত হওয়ার পর বিজ্ঞপ্তি জারি করা হবে। অন্যদিকে বাংলাদেশ জাতীয় লীগের প্রতীক সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এ ছাড়া আরও ১৩টি দলের বিষয়ে মাঠপর্যায়ে ও সচিবালয় পর্যায়ে যাচাই চলছে। এর মধ্যে রয়েছে—বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ), আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাষানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে হাইকোর্টের রায় হাতে এলে তা পর্যালোচনা করা হবে।
অন্যদিকে ৭টি দলের আবেদন বাতিল হয়েছে মাঠপর্যায়ে অস্তিত্ব ও কার্যকারিতা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায়। দলগুলো হলো—ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সল্যুশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি এবং জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ধাপে ধাপে যাচাই শেষে নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়া হবে।







