সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন ওমানে আটকের পর মুক্তি পেয়েছেন। এ ঘটনা বাংলাদেশিদের জন্য বিব্রতকর বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলি সাবরিন।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিষয়টি জানার পর ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংসদ সদস্যসহ মোট ১৭ জনকে রিলিজ করেছে।এখন সবাই রিলিজড। সেহেলি সাবরিন বলেন, ‘প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুনে শ্রদ্ধাশীল থাকার এবং তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তাই প্রবাসী বাংলাদেশিদের ওপর আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের নেতা এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা যখন বিদেশ সফর করেন, তখন কারো সঙ্গে সাক্ষাৎ এবং সভা করার ক্ষেত্রে স্থানীয় আইন-কানুন মেনে চলবেন। যাতে কোনো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হতে হয়।
’
ব্রিফিংয়ে তিনি আরো জানান, ওমানে খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন বাংলাদেশিকে আটক করে সে দেশের পুলিশ। এ ঘটনায় ওমানের বাংলাদেশ দূতাবাস আন্ডারটেকেন দিয়ে তাদের ছাড়িয়ে এনেছে। এই ১৭ জনের মধ্যে ওমান ছাড়াও সৌদি আরব ও আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন।
এমপি কতক্ষণ আটকা ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘সে ব্যাপারে সঠিক তথ্য নেই।
তবে অনুষ্ঠানটি হয় রাত ১০টার দিকে, তখন ওনাকে…। পরদিন সকালে ওনাদের দূতাবাসের হস্তক্ষেপে মুক্ত করা হয়। স্থানীয় যে আইন সে অনুযায়ী পারমিশনটা নেওয়া হয়নি।’







