জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার জোটের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত ঘোষণা রবিবার দেওয়া হবে।
এই ঘোষণার আগেই এনসিপির ভেতরে ভাঙনের ইঙ্গিত মিলেছে। দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
দলীয় সূত্র বলছে, জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়ে এনসিপির ভেতরে আগে থেকেই মতবিরোধ চলছিল। সেই মতবিরোধেরই বহিঃপ্রকাশ হিসেবে তাসনিম জারার পদত্যাগকে দেখা হচ্ছে।
এদিকে, জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্ত ঘোষণার পর এনসিপির ভেতরে আরও প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।







