জামালপুর প্রতিনিধিঃ
গত ৪ জুলাই প্রকাশিত সংবাদ এবং বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত ছবি ও ভিডিওকে কেন্দ্র করে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রহিমা সুলতানা নিশু। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। এসব প্রকাশনার কারণে তিনি সামাজিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ার পর থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেরিনা তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। মিছিল-মিটিংসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে তাকে অপমান ও বাধাগ্রস্ত করার পাশাপাশি বিভিন্ন নেতার আত্মীয় পরিচয় দিয়ে নারী নেত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
রহিমা সুলতানা নিশুর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এবং অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ছবি, ভিডিও ও পোস্ট প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও জানান, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টার দিকে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় অবস্থানকালে তিনি মেরিনার সঙ্গে ফোনে কথা বললে তাকে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তার ছবি ও ভিডিও সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করে আসছে এবং গোপনে ভিডিও ধারণ করে ভাইরাল করার হুমকিও দিয়ে আসছে। এ বিষয়ে তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া এর আগেও কয়েকজনের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় অভিযোগ করেছেন বলে উল্লেখ করেন।
তার দাবি, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো প্রকৃত তথ্য যাচাই না করে একতরফাভাবে সংবাদ প্রকাশ করেছে। তিনি বলেন, “মেরিনা সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দিয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছেন।”তিনি আরও বলেন, বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মাদারগঞ্জ উপজেলা শাখা, মাদারগঞ্জ উপজেলা মহিলা দল এবং জামালপুর জেলা মহিলা দলের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হোক। তদন্তে প্রয়োজনীয় সকল তথ্য-প্রমাণ তিনি উপস্থাপন করবেন বলেও জানান। রহিমা সুলতানা নিশুর ভাষ্য, দলের পদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। খুব শিগগিরই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্ট প্রমাণ জনসম্মুখে তুলে ধরবেন।
তিনি আরও বলেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় শাস্তিযোগ্য। তিনি ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন এবং ভবিষ্যতেও তার ছবি বা ভিডিও বিকৃত করে বা মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, যথাযথ তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রচার না করার জন্য। শেষে তিনি প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাদারগঞ্জবাসীসহ সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
প্রতিবেদকের বক্তব্য প্রতিবেদক জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত ভিডিওর ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে তার পূর্বে কোনো তথ্য জানা ছিল না। তবে পরবর্তীতে রহিমা সুলতানা নিশুর পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ, প্রমাণ ও ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। এছাড়া তার পরিবার বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলেও জানা গেছে।
Post Views: 145
Related