বেলাল আজাদ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সমুদ্রপথে (বঙ্গোপসাগী দিয়ে) মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গা নারী ও শিশু সহ ২১৪ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর বঙ্গোপসাগর থেকে ‘এফভি কুলসুমা’ নামের একটি মাছ ধরার ট্রলারসহ তাদের আটক করে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা দুর্জয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, টেকনাফের সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ট্রলারটির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌবাহিনীর জাহাজটি তার গতিপথ রোধ করে। পরে তল্লাশি চালিয়ে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশুকে পাওয়া যায়—যারা সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক।
জানা যায়, ট্রলারটি ৮ এপ্রিল মধ্যরাতে কক্সবাজারের টেকনাফের শাপলাপুর উপকূল থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
পরবর্তীতে আটক ট্রলার ও যাত্রীদের আইনানুগ ব্যবস্থার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের কাছে হস্তান্তর করা হয়।







