নিজস্ব প্রতিবেদকঃ জামালপুরের সরিষাবাড়ীতে ডিএসএফ কর্মসুচীর আওতায় সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য দিবে না সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বদরুল হাসান । গত ১২ সেপ্টেম্বর সোমবার উপঃস্বাঃকমঃ/সরিষা/জাম/২০২২/১০৬০ স্মারক নাম্বারে চিঠি দিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গরিব গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে ডেলিভারি ও ডেলিভারি পরবর্তী মায়েদের জন্য কিছু অর্থ বরাদ্ধ আছে এই ডিএসএফ প্রজেক্টে। সারা বাংলাদেশের কয়েকটি সরকারি হাসপাতালে এই প্রজেক্ট আছে,যার মধ্যে সরিষাবাড়ী হাসপাতাল অন্যতম। তবে ২০২১-২২ অর্থ বছরের ডিএসএফ কর্মসুচীর গর্ভবতী মহিলাদের সিজারিয়ান ওষুধ বিল বাবদ সরকারী বরাদ্দ থেকে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা ও সার্ভিস প্রভাইডারদের বিলের তথ্য চেয়ে গত ২৯ আগস্ট সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ বদরুল হাসান এর নিকট তথ্য চেয়ে আবেদন করেন দৈনিক জনবাণী ও দৈনক আলোচিত জামালপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান। ১০ দিন পেরিয়ে গেলেও তথ্য না দিয়ে তিনি বিভিন্ন তালবাহানা করলে গত ৮ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ৮ সেপ্টেম্বর দুপুরে তিনি সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা না দিয়ে সার্ভিস প্রভাইডের বিলের তথ্য প্রদান করেন । এদিকে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা চাওয়া হলে তিনি ১২ সেপ্টেম্বর সোমবার চিঠি দিয়ে উল্লেখ করেন,২০২১-২২ইং অর্থ বছরে ডিএসএফ কর্মসুচীর আওতায় সরকারী সুবিধা পাওয়া গর্ভবতী মহিলাদের সিজারিয়ান ঔষধ বিল বাবদ অর্থ প্রদানের তথ্য ও সার্ভিস প্রোভাইডারদের বিলের তথ্য সহ তিনটি তথ্য চাওয়া হইয়াছে তন্মধ্যে ২ টি তথ্য দেওয়া হইয়াছে। অন্য তথ্যটি সিজারিয়ান ঔষধ বিল বাবদ সরকারী বরাদ্দের থেকে সুবিধা পাওয়া ব্যক্তিদের তালিকা সেবা গ্রহীতার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে এবং উর্ধবতন কতৃপক্ষের অনুমতি না থাকায় আপনাকে উক্ত তথ্য প্রদান করা সম্ভব হইতেছে না।
এ বিষয়ে প্রতিবেদক মাসুদুর রহমান বলেন,ডিএসএফ প্রজেক্টে যে বরাদ্দ গুলো আসে অধিকাংশ অর্থ আত্মসাৎ করে কয়েকজন। গত ২৯ তারিখে আবেদন দিয়েছি। কিন্তু সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা দিবে না বলে একটি চিঠি দিয়েছে। তালিকা যেহেতু দিবেনা সেহেতু বুঝা যাচ্ছে অর্থ গুলো আত্মসাৎ করা হয়েছে। নয়তো তালিকা না দেওয়ার কারণ কি? বিষয়টি জামালপুর সিভিল সার্জন মহোদয়কে জানিয়েছি। আমি তার কাছেও আবেদন করব।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বক্তব্যের জন্য বারবার কল দিয়েও নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।








