আগামীকাল শুক্রবার ছুটির দিনে রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে বড় দুই রাজনৈতিক দল। ইতোমধ্যেই ২৩ শর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতিও দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে সমাবেশে অংশ নিতে ঢাকার পথে ছুটছেন দুই দলের নেতাকর্মীরা। আবার অনেকে আগে থেকেই অবস্থান করছেন রাজধানীতে।
তবে একই দিনে দুই দলের সমাবেশকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক পুলিশ। ইতোমধ্যেই জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা। এরই অংশ হিসেবে সাভারের আমিনবাজারের প্রবেশমুখে চেকপোস্টও বসানো হয়েছে। বিশেষ এই চেকপোস্টে ঢাকামুখী যানবাহনগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদসহ তল্লাশি করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৮টার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সামনে এই চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে পুলিশ।সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকামুখী মহাসড়কের একটি অংশে ব্যারিকেড দিয়ে ১০ থেকে ১৫ জন পুলিশ সদস্য বিভিন্ন জেলা থেকে আসা ঢাকামুখী যাত্রীবাহী পরিবহনগুলোকে থামিয়ে তল্লাশি করছেন। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি ছাড়াও তাদের পরিচয় এবং ঢাকায় আসার কারণ সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।
তবে এখন পর্যন্ত কাউকে আটকের কোনো ঘটনা ঘটেনি। জিজ্ঞাসাবাদ শেষে সবাইকেই যেতে দিচ্ছেন পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে কথা হলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্র্যাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী ঢাকা মেইলকে বলেন, এটা নিয়মিত তল্লাশির অংশ। আমাদের এখানে সবসময় তল্লাশি চালানো হয়। তবে আগামীকাল ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে তাই তল্লাশিতে জোর দেওয়া হচ্ছে।







